যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বদর কমান্ডার ও জামায়েতের নেতা কামারুজ্জামানকে মঙ্গলবার সকাল ৯টায় কাশিপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। ঢাকা কারাগারের জেলার নেসার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
কাশিমপুর-২ কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির বলেন, গত বছরের মে মাসে ফাঁসির দণ্ডাদেশ দেয়ার পর থেকে কয়েদির পোশাকে কারাগারের চল্লিশ নম্বর সেলে (ফাঁসির সেল) বন্দী রয়েছেন কামারুজ্জামান। গতকাল সকালে তার কাছে থাকা রেডিওতে তিনি আপিল বিভাগের রায় শুনেছেন। তবে রায় শোনার পর বাহ্যিকভাবে তার মানসিক কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। খাওয়া-দাওয়াসহ তার আচরণ ছিল স্বাভাবিক। তাকে কোন রকম বিচলিত মনে হয়নি। তিনি বলেন, ফাঁসির সেলে কেউ ইচ্ছা করলে এক ব্যান্ডের রেডিও রাখতে পারে। ঐ নিয়ম মেনেই তার পরিবারের পক্ষ থেকে দেয়া একটি এক ব্যান্ডের রেডিও তার কক্ষে রাখতে দেয়া হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর সর্বশেষ কামারুজ্জামানের সঙ্গে তার স্বজনরা দেখা করেছেন। গ্রেফতারের পর ২০১১ সালের ২৪ জুন থেকে কাশিমপুর কারাগারে রয়েছেন জামায়াত নেতা কামারুজ্জামান।
