বিদ্যুৎ বিপর্যয়’র তদন্ত কমিটি ভেড়ামারায়

প্রাথমিক প্রতিবেদন তিন কার্যদিবসেই

আপডেট : ০৪ নভেম্বর ২০১৪, ১৫:৪৯

দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়ের কারণ উদঘাটনে গঠিত তদন্ত কমিটির প্রধান বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. আহমেদ কায়কাউস বিদ্যুৎ বির্পযয়কে জাতীয় দুর্যোগ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘এ তদন্ত একটি চলমান প্রক্রিয়া। কারণ উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন নির্দেশনা রয়েছে। এ তদন্তে অনেকটা অগ্রগতি হলেও সরকারি ছুটির কারণে তা জমা দেয়া সম্ভব হয়নি। আগামীকাল বুধবার এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের সাথে আলোচনা করে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। আর আলোচনা সাপেক্ষেই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।’ কুষ্টিয়ার ভেড়ামারা রামকৃষ্ণপুর উপকেন্দ্রে পরিদর্শন শেষে মঙ্গলবার দুপুরে এ সব কথা বলেন তদন্ত কমিটির প্রধান।
বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে কুষ্টিয়ার ভেড়ামারায় আট সদস্যের তদন্ত কমিটি বাংলাদেশ-ভারত ব্যাক টু ব্যাক ভেড়ামারা সাব-স্টেশন পরিদর্শন করেন। তদন্ত কমিটি বেলা সোয়া ১১টার দিকে ভেড়ামারা রামকৃষ্ণপুর উপকেন্দ্রে পৌঁছায়। এ সময় উপকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে তদন্ত কমিটি। পরিদর্শনকালে তদন্ত কমিটির সদস্য সচিব মোহাম্মদ হোসেনসহ আরো সাত জন ছাড়াও এ বিদুৎ সঞ্চালন কেন্দ্রের নির্বাহী সচিব আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত শনিবার সকাল ১১টা ২৭ মিনিট ২৮ সেকেন্ডের দিকে হঠাৎ করেই ভেড়ামারার সাব-স্টেশন থেকে বিদ্যুৎ বির্পযয় দেখা দিলে ভারত থেকে বিদ্যুৎ আমদানি বন্ধ হয়ে যায়। জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ভারতীয় বিদ্যুৎ। একই সময় সারা দেশে উৎপাদনে থাকা সব বিদ্যুৎ কেন্দ্রও একযোগে বন্ধ হয়ে যায়। ফলে ধস নামে বিদ্যুৎ উৎপাদনে। জাতীয় গ্রিড লাইন ফেল করে সারা দেশে দেখা দেয় চরম বিদ্যুৎ বিপর্যয়।