বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণ কোনো দিনই এই সরকারকে মেনে নেবে না। অহিংস আন্দোলনের মাধ্যমেই তাদেরকে হটানো হবে, অন্য কোনো পন্থায় নয়। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে মহানগর বিএনপির কার্যালয়ে ৮ নভেম্বরের জনসভাকে সফল করার লক্ষ্যে আয়োজিত এক যৌথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএপির আন্দোলন অহিংস কিন্তু আওয়ামী লীগ বিএনপির অহিংস আন্দোলনকে ভয় পেয়ে সহিংসতার দিকে নিয়ে যাচ্ছে।
বিএনপির স্বাভাবিক আন্দোলনে বাধা না দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলেও অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, আন্দোলনের মাধ্যমেই দখলদার সরকারকে বাংলার মাটিতে টিকতে দেয়া হবে না ।”
‘জিয়ার নির্দেশে চার নেতাকে হত্যা করা হয়েছে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এমন বক্তব্যের সমালোচনা করে আব্বাস বলেন, “সৈয়দ আশরাফকে একজন সজ্জন ব্যক্তি হিসেবে জানতাম। কিন্তু দুঃখ লাগে যখন তার মতো নেতা মিথ্যা বলেন। জিয়া তখন জেলে ছিলেন, তাহলে কী করে চার নেতাকে হত্যার নির্দেশ দিলেন তিনি?”
সভায় মহানগরের বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
