ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সতর্কবার্তায় দাবি করা হয়েছে, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশকে তারা জানিয়েছে, কলকাতা বন্দরে হামলা চালাতে পারে জঙ্গিরা। পাক নৌবাহিনীর একটি অংশ তাদের সাহায্য করতে পারে। কেন্দ্রের সতর্কবার্তা আসার পরই কলকাতা বন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বন্দরের নিরাপত্তার বিষয়টি দেখভাল করে সিআইএসএফ। তাদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে কলকাতা পুলিশ।
কলকাতা বন্দরে জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে উদ্বিগ্ন নৌবাহিনী। খিদিরপুর ডকে বুধ ও বৃহস্পতিবার যুদ্ধ জাহাজের প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। কিন্তু, বন্দরে জঙ্গি হামলা হতে পারে বলে খবর আসায় কালই দুটি যুদ্ধজাহাজ ফিরে যাচ্ছে। জঙ্গি হামলা রুখতে ভারত-বাংলাদেশের জলসীমায় নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন কমোডর রবি আলুওয়ালিয়া। বঙ্গোপসাগরে দু-দেশের জলসীমায় নিরাপত্তা বাহিনী ও মত্স্যজীবীদের নৌকায় বৈদ্যুতিন নজরদারির ব্যবস্থা বাড়ানো হচ্ছে বলে জানান তিনি। খবর জি নিউজ ও এনডি টিভির।
