জনসমর্থনহীন হরতাল সফল হয় না : শাহজাহান খান

আপডেট : ০৪ নভেম্বর ২০১৪, ১৯:৪৫
 
 নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান চলমান হরতাল সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, জনসমর্থন বিহীন হরতাল কখনো সফল হবে না। কারণ এই হরতাল যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা।
মঙ্গলবার বিকেলে তিনি চাঁদপুর নৌ-টার্মিনাল, ঘাট এবং বিকল্প লঞ্চঘাট ঘুরে ঘুরে দেখেন। চাঁদপুরে একটি স্থায়ী নৌ-টার্মিনাল নির্মাণ করার সম্ভাব্য স্থান যাচাই বাচাই করেন।
মন্ত্রী আরো বলেন,  বিএনপি-জামায়াত তাদের অপকর্ম ঢাকতে হরতালের আহবান করে। জনগণের সমর্থন ছাড়া, তাদের ইচ্ছের বিরুদ্ধে কোন আন্দোলন সফল হবে না। তারা ২০১৩ সালে হরতালের নামে যে ধরনের অরাজকতা সৃষ্টি করেছে, মানুষ পুড়িয়ে মেরেছে, হত্যা করেছে, তা এখন আর হবে না। কারণ সরকার এখন নিরাপত্তা দিচ্ছে। আমরা হরতালের মধ্যে দিয়েও চট্টগ্রাম বন্ধর থেকে মালামাল এনেছি।
এ সময় তার সাথে পররাষ্ট্রমন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ দীপু মনি, সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া ছিলেন।