সংগীতশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী আর নেই

আপডেট : ০৪ নভেম্বর ২০১৪, ২১:১২
 
 
জননন্দিত সংগীতশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় তার রাজধানীর মিরপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী তিন কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 
আজ বাদ আসর জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় বলে মরহুমের স্ত্রী সুরাইয়া সিদ্দিকী বাসসকে জানিয়েছেন। 
হৃদয়ছোঁয়া শিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকীর জন্ম ১৯৪৪ সালের ২ ফেব্রুয়ারি নেত্রকোণা জেলায়। ১৯৭৩ সালের ২৮শে মার্চ সুরাইয়া সিদ্দিকীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের তিন মেয়ে এ্যানি সিদ্দিকী, রেনি সিদ্দিকী এবং গিনি সিদ্দিকী সবাই সংগীতের সঙ্গে জড়িত। 
সংগীতে বিশেষ অবদান রাখার জন্য তিনি পেয়েছেন জাতীয় পুরষ্কার। এ ছাড়াও দীনেশ পদক, বন্ধন লাইফটাইম এ্যাচিভমেন্ট, শিল্পকলা একাডেমী থেকে সংগীত ও নাট্যকলা পুরষ্কার প্রভৃতি অসংখ্য পুরষ্কার ও সম্মাননায় ভূষিত হন তিনি। 
উনিশশ’ ষাট, সত্তর ও আশি সাল-তিন দশকব্যাপী বাংলা আধুনিক গানের মধ্য দিয়ে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন মোহাম্মদ আলী সিদ্দিকী।
বর্ণিল সংগীত জীবনে তিনি দু’শতাধিক চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন। প্রায় সাড়ে তিন হাজার গানে কণ্ঠ দেন তিনি। আধুনিক গানের জগতে তিনি কণ্ঠশিল্পী, সুরকার, সংগীত পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।