বাস যাত্রীদের সঙ্গী ৬ ফুট সাপ!

আপডেট : ০৫ নভেম্বর ২০১৪, ১০:৫২
 
নিকারাগুয়ায় যাত্রী নিয়ে গন্তব্যে ছুটছিল বাসটি। যাত্রীরাও যে যার মত করে বসে অলস সময় পার করছিলেন। হঠাৎ সাপ বলে এক চিৎকারে যাত্রীরা সবাই জড়োসড়ো হয়ে বসলেন। দেখা গেল বাসের সহযাত্রী হয়েছে দুই মিটার (ছয় ফুটের বেশি) দীর্ঘ একটি  সাপ।
নিকারাগুয়ার স্থানীয় একটি টিভি চ্যানেলের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, সোমবার আকস্মিকভাবে সাপটি যাত্রীদের নজরে আসে। এতে বাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে অনেকে চিৎকার করতে থাকে। এ সময় বাসটি থামিয়ে দেন চালক। যাত্রীদের মধ্যে একজন খুব সাহস করে ঠান্ডা মাথায় সাপের মাথা তালুবন্দী করে চেপে ধরে রাখেন। দেখে মনে হচ্ছিল সাপটি তার পোষা। তিনি কয়েক ঘণ্টা সাপটিকে এভাবেই ধরে রাখেন। এ কারণে সবাই তাকে ওই দিনের ‘বোড়া নায়ক’ বলে অভিহিত করেন।
চার ঘণ্টা পরে সরকারি এক পশু বিশেষজ্ঞ ঘটনাস্থলে যান। তিনি বাস থেকে সাপটি নিয়ে পাত্রে ভরে স্থানীয় একটি চিড়িয়াখানায় নিয়ে যান। 
‘বোড়া নায়ক’ ফ্রান্সিসকো গার্সিয়া বলেন, সাপ আসলে ক্ষতিকর নয়। বিরক্ত না করলে তারা কাউকে কামড়ায় না। 
নিকারাগুয়ার লিওন শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয়গামী বাসটিতে কীভাবে সাপ এল, তা কর্তৃপক্ষ এখনও জানাতে পারেননি। এএফপি