সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, কামারুজ্জামানের বিরুদ্ধে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরই আমরা রিভিউ পিটিশন দাখিল করব। আশা করি রিভিউতে আমরা সুফল পরিণতি লাভ করব। বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
খন্দকার মাহবুব বলেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়ের ও তার নিষ্পত্তির পূর্বে যদি জামায়াত নেতা কামারুজ্জামানের রায় কার্যকর করা হয়ে তা হবে বেআইনি ও ন্যায় বিচারের পরিপন্থী।
খন্দকার মাহবুব বলেন, রিভিউ পিটিশন শুনানির পর আপিল বিভাগ যে সিদ্ধান্ত দেবে সেটি হল ন্যায়বিচার। এটাই দেশবাসী প্রত্যাশা করে।
তিনি বলেন, সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউি পিটিশিন দায়েরের অধিকার রয়েছে কামারুজ্জামানের। যদি ধরে নেই ১০৫ অনুচ্ছেদের আওতায় তিনি নাও আসেন তারপরও দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ নিজ এখতিয়ার বলে কামারুজ্জামানের বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে।
এ সময় অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম, ব্যারিস্টার শিশির মোহম্মদ মুনির প্রমুখ উপস্থিত ছিলেন।
