ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, যুদ্ধাপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার জন্য বিএনপি’র বিচার হওয়া উচিত।
বুধবার রাজধানীর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দেশের অর্থনীতি ধ্বংস করার জন্য যে কাজ করছেন- তার জন্য তাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
তিনি আরো বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বেগম জিয়া যেভাবে উঠেপড়ে নেমেছেন, সেজন্য তাকে দেশের মানুষের কাছে জবাব দিতে হবে।
জোটের চেয়ারম্যান ও ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, নির্বাহী কমিটির সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ।
ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক মায়া বলেন, বিএনপির মধ্যবর্তী নির্বাচন চাওয়ার কোন অধিকার নেই। কেননা তারা সংসদেও নেই, রাজপথেও নেই।
তিনি বলেন, ২০১৯ সালের আগে দেশে কোন জাতীয় নির্বাচন হবে না। সংবিধান অনুযায়ী যেমন নির্বাচন হয়েছে তেমনিভাবেই আগামী নির্বাচন হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে বিএনপির অবস্থা বর্তমান মুসলিম লীগের মতো হবে। আর এ দু’দলের নীতি ও আদর্শের মধ্যেও কোন পার্থক্য নেই।
বৃহস্পতিবারের হরতালেও জনগণের পাশে থাকার জন্য ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
