কর্ণফূলী পেপার মিল ৭দিনের জন্য বন্ধ

আপডেট : ০৫ নভেম্বর ২০১৪, ১৬:৩২
 
জেলার কর্ণফুলী পেপার মিল সাতদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে মিল কর্তৃপক্ষ। কেপিএম সূত্রে জানা গেছে, কর্ণফুলী পেপার মিলের উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য মিলটি সাত দিনের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে কর্ণফুলী পেপার মিল (কেপিএম) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ মোছাব্বেরুল ইসলাম কারখানার কাগজ উৎপাদন বন্ধ থাকার কথা স্বীকার করে বলেন, কিছু ত্রুটির জন্য দীর্ঘ সময় ধরে কেপিএমে কাং্িক্ষত পরিমাণে কাগজ উৎপাদন করা যাচ্ছিল না।
ত্রুটির কারণে দিন দিন কেপিএমের উৎপাদন কমে আসছিল। গত ৩ নভেম্বর সন্ধ্যা থেকে কেপিএমের উৎপাদন কাজ বন্ধ করা হয়। তাই যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কিছু রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামত কাজের জন্য আগামী ১০ নভেম্বর পর্যন্ত কেপিএমের সকল প্রকার কাগজ উৎপাদন বন্ধ থাকবে।
কর্ণফুলী পেপার মিলের মহা-ব্যবস্থাপক (এমটিএস) প্রকৌশলী বিনয় প্রকাশ চাকমা জানান, ষ্টিম টারবাইন জেনারেটরের ফার্নেস কন্ডেন্সারের টিউব লিকেজ হওয়ায় জেনারেটরের উৎপাদন ক্ষমতা ১৫ মেগাওয়াটের স্থলে ৫ মেগাওয়াটে নেমে আসে। সারফেস কন্ডেন্সারটিতে লিকেজের পরিমাণ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে উৎপাদন একেবারে বন্ধ হয়ে যাবে। সারফেস কন্ডেন্সারের ৩ হাজার ৩৫০টি টিউবের মধ্যে জরুরী ভিত্তিতে কমপক্ষে ১ হাজার ৮৫০টি টিউব পরিবর্তন করতে হবে।
কেপিএমের উৎপাদন অব্যাহত রেখে টিউব পরিবর্তন করা যাবে না। তাই আপাতত উৎপাদন বন্ধ করে কাজ করা হবে। বন্ধকালীন সময় অন্যান্য জরুরি মেরামতের কাজও সম্পন্ন করা হবে। মেরামত কাজ সম্পন্ন হবার পর কেপিএমের উৎপাদন বৃদ্ধি পাবে বলেও আশা করছে মিল কর্তৃপক্ষ। খবর বাসস।