আগামী তিন বছরে ইডকলের মাধ্যমে আরো ৩০ লাখ পরিবারকে সৌর বিদ্যুৎ সুবিধার আওতায় আনার লক্ষ্যের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তার সরকারের লক্ষ্য ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা।’
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে। বিকল্প জ্বালানি নীতির আওতায় স্থাপিত সোলার হোম সিস্টেমের সংখ্যা ৩০ লাখ অতিক্রম উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের চাহিদা পূরণ করে উন্নত জীবন দেওয়াই আমাদের লক্ষ্য। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ উৎপাদন এবং তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া। আগামীতে আমরা প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ দিতে চাই।’
নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির জন্য এবং ওই দুই দেশের বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়ে শেখ হাসিনা বলেন, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতার ওপর আমরা বেশি গুরুত্ব দিয়েছি।
বৃহৎ থেকে মাঝারি অবকাঠামো নির্মাণ এবং নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন খাতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেতুবন্ধ হিসাবে কাজ করার লক্ষ্যে ১৯৯৭ সালে ইডকল প্রতিষ্ঠা হয়। ১৯৯৮ সালে এটি নন-ব্যাংক ফাইন্যান্সিং ইনস্টিটিউশন হিসাবে বাংলাদেশ ব্যাংকে নিবন্ধিত হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘এখনো আমরা সারাদেশে বিদ্যুৎ পৌঁছাতে পারিনি। ৬২ থেকে ৬৪ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। বৃহৎ অংশের মানুষ বিদ্যুৎ প্রাপ্তি থেকে বঞ্চিত।’
