বিশ্ব-চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-মার্কিন সহযোগিতার আহ্বান কেরির

আপডেট : ০৫ নভেম্বর ২০১৪, ১৭:০৮
 
 
 
বিশ্বের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় চীন-মার্কিন সহযোগিতার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বিশ্বে চীন-মার্কিন সম্পর্ক অত্যন্ত তাত্পর্যপূর্ণ উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বর্তমান বিশ্বের প্রধান প্রধান চ্যালেঞ্জ মোকাবিলায় উভয় পরাশক্তির মধ্যে বৃহত্তর সহযোগিতার এ আহবান জানান। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বেইজিং সফরের প্রাক্কালে স্থানীয় সময় মঙ্গলবার জন কেরি জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে চীন-মার্কিন সম্পর্ক বিষয়ে এক বক্তৃতাদানকালে এ কথা বলেন। ১০ নভেম্বর থেকে তিন দিনব্যাপী এই বৈঠকে জন কেরির প্রেসিডেন্ট ওবামার সফরসঙ্গী হওয়ার কথা। খবর সিনহুয়ার।
জন কেরি বলেন, বর্তমানের পরিবর্তিত বিশ্বপরিস্থিতিতে চীন-মার্কিন সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একবিংশ শতাব্দীর বিশ্ব কেমন হবে, তা নির্ধারণে এটি বড় ভূমিকা রাখতে পারে। আর আমরা যেন এর সুফল পেতে পারি। ওবামা প্রশাসন এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে—উল্লেখ করে যুক্তরাষ্ট্রের শীর্ষ এ কূটনীতিক জোর দিয়ে বলেন, চীনের সঙ্গে যে ইতিবাচক ও ফলপ্রসূ সম্পর্ক রয়েছে, তা এগিয়ে নিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। কেরি বলেন, বিশ্বের অন্যতম দুই প্রধান পরাশক্তি ও বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে জলবায়ু পরিবর্তন থেকে বিশ্ববাণিজ্য পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে উভয় দেশের একসঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে এবং অবশ্যই আমাদের উভয় দেশের মৌলিক প্রয়োজনেই তা করা উচিত্। আর এ সব কারণেই আমাদের সম্পর্ক আরো সতর্কতার সাথে পরিচালিত হওয়া উচিত্ বলে আমি মনে করি, যার ভিত্তি হতে পারে কঠোর পরিশ্রম, ভালো কূটনীতি ও সুসম্পর্ক।