সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২০১৯ সালের ডিসেম্বরে মেট্রোরেলের বাণিজ্যিক পরিচালনা সম্ভব হবে।
তিনি বুধবার নগরীর ইস্কাটনস্থ প্রকল্প কার্যালয়ে মেট্রোরেল প্রকল্প (এমআরটিলাই-৬) বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে প্রকল্প কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফকালে এ আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় ডিটিসিএ’র নির্বাহী কর্মকর্তা মো. কায়কোবাদ হোসেন, মেট্রোরেলের প্রকল্প পরিচালক মোফাজ্জল হোসেন, পরামর্শক প্রতিষ্ঠান ও প্রকল্প কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
মন্ত্রী জানান, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। তিনি বলেন, প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ২১ হাজার ৯৮৫ দশমিক ০৭ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের ৫ হাজার ৩৯০ দশমিক ৪৮ কোটি টাকা ও প্রকল্প সাহায্য ১৬ হাজার ৫৯৪ দশমিক ৫৯ কোটি টাকা।
তিনি জানান, প্রকল্পটি জাইকার আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মেয়াদ ২০১২ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত।
তিনি বলেন, ঢাকা মহানগরীতে কার্যকরী নিরাপদ, নির্ভরযোগ্য, পরিবেশ বান্ধব ও দ্রুতগতির গণপরিবহন ব্যবস্থা চালু করা এ প্রকল্পের উদ্দেশ্য।
মেট্রোরেল লাইন-৬ এর দৈর্ঘ্য ২০ দশমিক ১ কিলোমিটার (এলিভেটেড)। স্টেশনের সংখ্যা ১৬টি। টেনের সংখ্যা ২৪ সেট। সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার। যাত্রী পরিবহন ক্ষমতা প্রতি ঘণ্টায় উভয় দিকে ৬০ হাজার জন।
মন্ত্রী জানান, ডিপো নির্মাণের জন্য প্রয়োজনীয় ২২ হেক্টর জমির মধ্যে ৫ দশমিক ৬৯ হেক্টর জমি ইতোমধ্যেই রাজউক কর্তৃপক্ষ ডিএমটিসিএল-এর অনুকূলে বুঝিয়ে দিয়েছে। দ্বিতীয় দফায় অবশিষ্ট ১৬ দশমিক ৩১ হেক্টর জমি রাজউক থেকে বুঝে নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
