বিদ্যুৎ বিপর্যয়: পূর্ণাঙ্গ প্রতিবেদনের জন্য সময় চাইবে তদন্ত কমিটি

আপডেট : ০৫ নভেম্বর ২০১৪, ১৯:৪৪



দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় কমিটির প্রধান ড. কায়উস আহমেদ সাংবাদিকদের বলেছেন, ‘এখন পর্যন্ত বিপর্যয়ের কারণ খুঁজে পাওয়া যায়নি। পূর্ণাঙ্গ প্রতিবেদনের জন্য অনেক সময় লাগবে।’
বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. আহমেদ কায়উস এর নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদল সকাল ১০ টায় আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছায়। তারা প্রথমে বিভিন্ন ইউনিটের নেটওয়ার্ক কন্ট্রোলরুম, টারবাইন কন্ট্রোলরুম, সুইচইয়ার্ড কন্ট্রোলরুমসহ উৎপাদন ব্যবস্থাপনা এবং গ্রিড লাইন ও সাবস্টেশন পরিদর্শন করেন।
প্রতিনিধিদলটি প্রায় দেড় ঘন্টা ঘুরে ঘুরে বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ইউনিটের উৎপাদন ও সঞ্চালন লাইন দেখার পর বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উধ্বর্তন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তদন্ত কমিটির সদস্য সচিব ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, সদস্য মাসুদ আহমেদ বেরুনী, মো. খিজির হায়াত খান, মো. শাহেনুল ইসলাম, ব্রিগেডিয়র (অবঃ) নজরুল ইসলাম, মাহিদুল ইসলাম ও নুরুল আফসার উপস্থিত ছিলেন।
ড. কায়উস আহমেদ সাংবাদিকদের আরো বলেন, ‘অনুসন্ধান যে পর্যায়ে রয়েছে তাতে করে কোনো সিদ্ধান্ত দিতে পারছিনা। তবে আভ্যন্তরীণ ত্রুটির কারণে এই সমস্যার সৃষ্টি হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। সরকার নির্ধারিত তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দেয়া সম্ভব নয়। বিভিন্ন বিদ্যুৎ পরিদর্শন করে ডাটা সংগ্রহ চলছে। বৃহস্পতিবার সকালে প্রাথমিক তদন্ত প্রতিবেদন সরকারের কাছে পেশ করা হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদনের জন্য অনেক সময় লাগবে।’
এ সময় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. নূরুল আলম,পরিচালক কারগরি প্রকৌশলী সাজ্জাদুর রহমান,পরিচালক প্রকৌশলী জয়নাল আবেদীনসহ কোম্পানীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।