তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, একাত্তরের রাজাকার ও জামায়াত ইসলামী সমর্থনকারী বেগম খালেদা জিয়া রাজনীতি ও গণতন্ত্রের জন্য অনুপযোগী।
তিনি বলেন, বেগম জিয়া রাজাকারদের সমর্থন করে নব্য রাজাকারের ভুমিকায় উপনিত হয়েছেন। তবে আমাদের মনে রাখতে হবে, কঠোর সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। সেই সিদ্ধান্ত এখনই নিতে হবে। তা না হলে বাংলাদেশ সামনের দিকে এগোবে না।
বুধবার দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, একাত্তরে যারা প্রকাশ্যে গণহত্যা করেছে, বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেই জামায়াতে ইসলামী এবার স্বাধীন বাংলাদেশের আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল ডেকেছে। এ কারণে জামায়াতে ইসলামীও গণতন্ত্র বা রাজনীতির উপযুক্ত নয়।
তিনি বলেন, বিএনপি নেতা বেগম জিয়া মুখ বন্ধ করে জামায়াতের এসব কর্মকাণ্ড সমর্থন দিয়ে চলেছে। জাতির জন্য এ সমর্থন যেমন লজ্জাজনক, তেমনি দুঃখজনকও।
সারাদেশে বিদ্যুৎ বিপর্যয়ের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী এ বিষয়টি নিয়ে রাজনীতি করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের মনে রাখতে হবে, ত্রুটির কারণে এই বিপর্যয় ঘটেছে। সেই বিপর্যয় আমরা কাটিয়ে উঠেছি। এ বিপর্যয়ের ফলে দেশবাসীর এ উপলব্ধি হয়েছে যে, শেখ হাসিনার সরকারের বিপর্যয় কাটিয়ে ওঠার স্বক্ষমতা রয়েছে।
এ সময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কার সিদ্দিক, প্রমুখ।
মন্ত্রী পরে কুষ্টিয়া কুমারখালী উপজেলা হালসা কলেজ মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
