প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হামলার চক্রান্তের বিষয়ে বর্ধমানে জঙ্গি তত্পরতার তথ্য দিতে ঢাকা যাবে ভারতের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা এনআইএ। বাংলাদেশ সরকারের অনুমতি পেলে ৯ নভেম্বর তাদের একটি দল ঢাকা গিয়ে বাংলাদেশ সরকারকে হামলার ছকের বিষয়ে বিস্তারিত তথ্য দেবে।
গোয়েন্দা সূত্রে আগেই জানানো হয়েছিল, কোনো এক জনসভা কিংবা জেলা সফরে শেখ হাসিনার ওপর হামলার ছক কষেছে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ। আত্মঘাতী জঙ্গির মাধ্যমে হামলা হতে পারে। তাদের সাহায্য করছে হরকাতুল জিহাদী ইসলামী (হুজি), জামায়াত ইসলামী; কিন্তু ঠিক কোথায় হামলার পরিকল্পনা করা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে শেরপুরে পঁচিশ-তিরিশ জনের একটি নতুন দলকে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছেন পাকিস্তানের মাওলানা মহম্মদ আবদুল তাহির। এবিষয়টি তারা জানতে পেরেছেন। রিপোর্টে আরো বলা হয়েছে, উলফাসহ উত্তর-পূর্ব ভারতের একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখছে জামায়াত। এ বছর আগস্টে শেরপুরেই উলফার সঙ্গে বৈঠক হয় তাদের। উদ্দেশ্য অস্ত্র কেনাবেচা।
