স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশ সবসময় জাতিসংঘ এবং ইন্টারপোলের ঘনিষ্ঠ সদস্য রাষ্ট্র হিসেবে কাজ করছে। বাংলাদেশ পুলিশ আশির দশক থেকে আন্তর্জাতিক অঙ্গনে শান্তিরক্ষা এবং শান্তি স্থাপনে প্রশংসনীয় অবদান রেখে আসছে। বর্তমানে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সর্বাধিক সংখ্যক পুলিশ প্রেরণকারী দেশ হিসেবে শীর্ষে রয়েছে। মঙ্গলবার মোনাকোতে ইন্টারপোলের ৮৩তম বার্ষিক সাধারণ সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
বাংলাদেশসহ ইন্টারপোল সদস্য দেশসমূহের এক হাজারেরও বেশি প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করছেন। তারা কার্যকরভাবে অপরাধ দমনে সদস্য দেশের পুলিশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সরকারি ও বেসরকারিখাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির কৌশলসহ অন্যান্য বিষয়ে আলোচনা করবেন।
তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের পুলিশের সাথে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ট্র্যান্সন্যাশনাল ক্রাইম, সাইবার ক্রাইমসহ অন্যান্য অপরাধ দমনে আরো কার্যকর ভূমিকা রাখতে অত্যন্ত আগ্রহী।
সম্মেলনে বাংলাদেশ পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, ডিআইজি চৌধুরী আবদুলাহ আল মামুন, এআইজি মাহবুবুর রহমান ভূঁইয়া ও অতিরিক্ত পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম অংশগ্রহণ করছেন।
ইন্টারপোলের বার্ষিক সাধারণ সভা মোনাকোতে অনুষ্ঠিত হচ্ছে। গত ৩ নভেম্বর মোনাকোর রাজা প্রিন্স আলবার্ট এ সম্মেলন উদ্বোধন করেন। আগামী ৭ নভেম্বর বিভিন্ন দেশের মন্ত্রীদের যৌথ ঘোষণার মধ্য দিয়ে ইন্টারপোল সম্মেলন শেষ হবে।
