‘হ্যাপি নিউ ইয়ার’কে বাজে ছবি বললেন জয়া বচ্চন

আপডেট : ০৬ নভেম্বর ২০১৪, ১১:১৭
ব্লকবাস্টার ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’ এরই মধ্যে ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে। কিন্তু বলিউড অভিনেত্রী-রাজনীতিবিদ ও অভিষেক বচ্চনের মা জয়া বচ্চনের কাছে এটি একেবারেই ‘বাজে ছবি’ মনে হয়েছে।
সম্প্রতি মুম্বাই সাহিত্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে জয়া বচ্চন বলেছেন, ‘অভিষেক অভিনয় করেছে বলেই আমি সিনেমাটি দেখেছি। আমি তাকে বলেছি, ক্যামেরার সামনে সে যদি এরকম নির্বোধের মতো অভিনয় করে, তাহলে একদিন অনেক বড় মাপের অভিনেতা হতে পারবে।’
রাজ্য সভার এমপি জয়া আরো বলেন, ‘এখন যে ধরনের সিনেমা তৈরি হচ্ছে সেগুলোতে আমি কখনও অভিনয় করব না। সম্ভবত সে কারণে আমার আর কখনও অভিনয় করাও হবে না।’
চলতি বছরের ২৪ অক্টোবর মুক্তি পায় অভিষেক, শাহরুখ, দিপীকা, বোমান ইরানি অভিনীত হ্যাপি নিউ ইয়ার ছবিটি।