‘পূর্ণাঙ্গ না সংক্ষিপ্ত রায়ে ফাঁসি আপিল বিভাগের বিষয়’

আপডেট : ০৬ নভেম্বর ২০১৪, ১৩:৪৪

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, পূর্ণাঙ্গ না সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে জামায়াত নেতা কামারুজ্জামনের ফাঁসি কার্যকর হবে, সেটি আপিল বিভাগের সিদ্ধান্তের বিষয়। আপিল বিভাগ যে রায়টি কারা কর্তৃপক্ষের কাছে পাঠাবে ওই রায়ের ভিত্তিতেই সাজা কার্যকর করা হবে। এ ক্ষেত্রে আপিল বিভাগের সিদ্ধান্তই চূড়ান্ত।
বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দিয়েছে। আপিল বিভাগ সে মৃত্যুদণ্ড বহাল রেখেছে। যেহেতু রায় বহাল রেখেছে সেহেতু আপিল বিভাগের সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে তার সাজা কার্যকর করা যাবে বলে আমি মনে করি।
কাদের মোল্লার সাজা কার্যকরের ক্ষেত্রে পূর্ণাঙ্গ রায়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনাল কাদের মোল্লাকে যাবজ্জীবন দণ্ড দিয়েছিল কিন্তু আপিল বিভাগ ওই সাজা পরিবর্তন করে তাকে মৃত্যুদণ্ড দেয়। যেহেতু সাজা পরিবর্তন করা হয়েছে, সেজন্য তার দণ্ড কার্যকরের ক্ষেত্রে আপিল বিভাগের র্পণাঙ্গ রায়ের প্রয়োজন পড়েছে।