৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার এই তারিখ ঘোষণা করা হয়। যদিও এর আগে গত ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল আগামী ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে এ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
প্রিলিমিনারি পরীক্ষার বিলম্বে হওয়ার কারণ হিসেবে পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেকর্ড দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন আবেদনকারীর জন্য ‘সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থাপনা নিশ্চিত করতে’ ফেব্রুয়ারিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে বলা হয়, ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার আসন-ব্যবস্থা ও অন্যান্য বিষয় পরে সংবাদ মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলে পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৩৪তম বিসিএসে আবেদন করেছিলেন দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী। ৩৩তম বিসিএসে আবেদন করেছিলেন এক লাখ ৯৩ হাজার ৫৯ জন।
নতুন নিয়মে এবার প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০০ নম্বরের। এমসিকিউ পদ্ধতিতে দুই ঘণ্টায় এ পরীক্ষা নেয়া হবে। এত দিন ১ ঘণ্টায় ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হতো।
এক হাজার ৮০৩টি শূন্য পদে কর্মকর্তা নিয়োগের জন্য গত ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদনের সময় শেষ হয় গত ৩০ অক্টোবর সন্ধ্যা ৬টায়। তবে আরো ৭২ ঘণ্টা অনলাইনে ফি জমা দেয়ার সুযোগ ছিল সরকারি চাকরিপ্রার্থীদের। ঢাকা কেন্দ্রের অধীনে বিসিএস পরীক্ষায় অংশ নিতে এক লাখ ৫৫ হাজার ২৪৪ জন, রাজশাহী কেন্দ্রে ২১ হাজার ৮৭৩ জন এবং চট্টগ্রামে ২০ হাজার ৪৬৯ জন প্রার্থী আবেদন করেছেন এবার। এ ছাড়া খুলনা কেন্দ্রে ১৪ হাজার ৭৮ জন, বরিশালে পাঁচ হাজার ৭২৯ জন, সিলেটে নয় হাজার ৮৫৮ জন এবং রংপুর কেন্দ্রের অধীনে পরীক্ষায় অংশ নিতে ১৬ হাজার ৮৫৬ জন প্রার্থী আবেদন করেছেন।
