পাকিস্তানে পবিত্র কোরান অবমাননার অভিযোগে খ্রিস্টান যুগলকে হত্যার দায়ে অন্ততপক্ষে সন্দেহভাজন ৪৩ জনকে আটক করেছে পুলিশ। খবর বিবিসির।
এক প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র কোরান নিয়ে অবজ্ঞাসূচক মন্তব্য করার জন্য স্থানীয়রা ওই যুগলকে পিটিয়ে হত্যা করে। এরপর তারা যে ইটভাটায় কাজ করত, সেখানে লাশ নিয়ে গিয়ে পোড়ানো হয়। দেশটির পাঞ্জাব প্রদেশে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় চিহ্নিত করা গেছে। এরা হলেন— শেহজাদ মাসিহ এবং তার স্ত্রী শামা। এ ঘটনাকে ‘অগ্রহণযোগ্য অপরাধ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। দেশটিতে প্রায়ই ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করতে অথবা সংখ্যালঘুদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়।
এ দিকে, হত্যাকাণ্ডে দেশটির খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে এবং এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে তারা।
