দেশের সার্বভৌমত্ব দুর্বল হয়ে পড়ছে: খালেদা জিয়া

আপডেট : ০৬ নভেম্বর ২০১৪, ১৭:৫০



বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘জবরদখলকারী শিখণ্ডি সরকারের পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় সার্বভৌমত্ব দিনের পর দিন ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে। ভোটারবিহীন সরকারের নতজানু নীতির কারণেই আবহমানকালের কৃষ্টি, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতির ওপর বাধাহীন আগ্রাসন চলছে।’
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি বলেন, ‘তারা দেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করে প্রভুত্ব কায়েম রাখতে চায়। সরকার জবরদস্তি করে ক্ষমতা দখল করে গণতন্ত্রের পক্ষে লড়াকু নেতা-কর্মীদেরকে বিভৎস নির্মমতায় দমন করছে বলেও অভিযোগ করেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারগুলোকে নির্দয় ফ্যাসিবাদী শাসনের যাঁতাকলে পৈশাচিকভাবে পিষ্ট করছে।’
৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। একই সঙ্গে আধিপত্যবাদী আগ্রাসন প্রতিরোধ করে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি বলেও মনে করেন তিনি।