বাংলাদেশের বিচার প্রক্রিয়ায় নিবিড়ভাবে নজর রাখছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যেকোন পরিস্থিতিতে এবং যেকোন মামলায় শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিরোধী জানিয়ে ঝুলে থাকা মৃত্যুদণ্ডগুলো কার্যকর করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছে তারা। ব্রাসেলস থেকে ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র এক বিবৃতিতে এ কথা জানান।
তিনি বলেন, বাংলাদেশে বিচার প্রক্রিয়ার ওপর আমরা নিবিড়ভাবে নজর রাখছি। মৃত্যুদণ্ড একটি নিষ্ঠুর ও অমানবিক শাস্তি। অপরাধীর আচরণ পরিবর্তনে এই শাস্তি হতে পারে না। এর মাধ্যমে মানব মর্যাদার অগ্রহণযোগ্য অবমাননার ফুটে ওঠে। এছাড়া যেকোনো আইনি ব্যবস্থার ক্ষেত্রে ভুল বিচার হতে পারে। এজন্য বাংলাদেশের সরকারের উচিত কার্যকর করা হয়নি এমন সব মৃত্যুদণ্ড স্থগিত করা এবং এর মাধ্যমেই মৃত্যুদণ্ড বিলোপের প্রথম পদক্ষেপ গ্রহণ করা। এর আগে বুধবার ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি প্রধান পিয়েরে ম্যাইউডো সাংবাদিক সম্মেলনেও একই রকম অভিমত ব্যক্ত করেন।
