বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুত্ পৌঁছে দেয়ার জন্য আগামী বছর থেকে সৌরবিদ্যুত্ খাতে সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর বিনিয়োগ বাধ্যতামূলক করা হবে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘ইডকল (ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড) গ্রিন এনার্জি এক্সপো-২০১৪’ শীর্ষক দুই দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান। এ ছাড়া, ইডকলের সিইও মাহমুদ মালিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আতিউর রহমান বলেন, সৌরবিদ্যুত্ খাতে বিনিয়োগ করার জন্য ব্যাংকগুলোকে সরাসরি ‘গ্রিন ইনভেস্টমেন্ট’ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হবে। সৌরবিদ্যুত্ প্রকল্পে এ পর্যন্ত বিভিন্ন ব্যাংক ৮২ হাজার কোটি ঋণ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সামনেও এ ধারা অব্যাহত থাকবে। প্রত্যেক ব্যাংককে এই খাতে বিনিয়োগ করতে হবে।
ড. মশিউর রহমান বলেন, সৌরবিদ্যুতের উন্নয়নের ফলে প্রত্যন্ত অঞ্চলের বিদ্যুত্-বঞ্চিত মানুষ এখন আলোর মুখ দেখছেন, যা বিদ্যুত্ খাতে সরকারের বড় অর্জন। সৌরবিদ্যুত্ খাতে প্রথম দিকে ভর্তুকি দেয়া লাগলেও পরে আর তা প্রয়োজন হবে না। এ দিকে, মেলায় ৩টি বিদেশি প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ৫০টি স্টলে তাদের পণ্য প্রদর্শন করছে। শুক্রবার পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
