সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসাবে ঢাকায় আসছে মার্কিন হিপ-হপ দল। চার সদস্যের এই দলটি আগামী ৮ থেকে ১৭ নভেম্বর ঢাকায় বিভিন্ন অনুষ্ঠান ও কর্মশালায় অংশগ্রহণ করবে। যুক্তরাষ্ট্রে স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। ঢাকাস্থ্ মার্কিন দূতাবাস থেকে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে।
'নেক্সট লেভেল' নামের এই কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন দেশে হিপ-হপকে সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করতে চায়।
ঢাকায় ইএমকে সেন্টারে ৮ নভেম্বর সন্ধ্যা ছয়টায় উদ্বোধনি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে স্টেজ শো অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি সকলের জন্য উম্মুক্ত থাকবে। টিকিট পাওয়া যাবে, মিডাস সেন্টার- ধানমন্ডি, পিজ্জা হাট- ধানমন্ডি, আলিয়াস ফ্রাঁসেস- ধানমন্ডি, গ্লোরিয়া জিন্স কফি- গুলশান, কেএফসি- বনানী ও অ্যামেরিকান সেন্টারে।
