জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিকেল ৩টায় অনুষ্ঠেয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন রুহুল কবির রিজভী।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে রিজভী বলেন, সমাবেশ উপলক্ষে ঢাকা মহাগর বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সরকারের বিরুদ্ধে বিরোধী নেতা-কর্মীদের ওপর দমন-নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, সরকার দমনপীড়নের মধ্য দিয়ে বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে। তাদের রুদ্র শাসনের তপ্ত প্রবাহে নির্মম নির্বিচার নেমে এসেছে এদেশের জনগণের পিঠে। চারিদিকে ক্ষমতাসীন শকুন হায়েনার বিরুদ্ধে জনগণের সম্মিলিত কণ্ঠস্বর প্রবল বেগে ধাবিত হচ্ছে। এই রক্ত পিপাসুদের পতন অনিবার্য। প্রধানমন্ত্রীর বিভিন্ন সময়ের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, তার অগ্নিগরল মেশানো বক্তৃতায় তার সাঙ্গ-পাঙ্গরা কটূক্তি, পেশী প্রদর্শন, অশ্রাব্য ভাষা ব্যবহারে ক্ষান্ত হচ্ছেন না, এদের নির্যাতনে দেশের মানুষজন দিবারাত্রি আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, গাজী মাজহারুল আনোয়ার, আসাদুল করীম শাহিন, ইশতিয়াক আজিজ উলফাত, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, মীর সরাফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।
৭ নভেম্বর উপলক্ষে ১০ দিনের কর্মসূচি
৭ নভেম্বর উপলক্ষে সংবাদ সম্মেলনে শনিবারের সমাবেশসহ ১০ দিনের কর্মসূচিও ঘোষণা করেন রিজভী। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন খালেদা জিয়া। এদিন নয়াপল্টনে দলীয় কার্যালয় এবং গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভোরে দলীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া পোস্টার করার পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষক্রোড়পত্র প্রকাশ করা হবে।
