চলতি বছর প্রথমবারের মতো চীনের বহির্গামী বিনিয়োগের পরিমাণ দেশটিতে আসা বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) চেয়ে বেশি হবে। সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশন জানিয়েছে, বছরের প্রথম নয় মাসে দেশটিতে আসা বিদেশি বিনিয়োগের পরিমাণ ৮৭ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। যা বছর শেষে ১২০ বিলিয়ন ডলারের মধ্যে থাকবে।
অপরদিকে এ বছর বিদেশে চীনা বিনিয়োগ ১২০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে। যা গত বছর ছিল ১০৮ বিলিয়ন ডলার। বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতায় এগিয়ে থাকার কারণেই বহির্বিশ্বে চীনের বিনিয়োগ বাড়ছে।
লাতিন আমেরিকা, আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পূর্ব ইউরোপের দেশগুলোতে যন্ত্রপাতি, বিদ্যুত ব্যবস্থা, রেল যোগাযোগ, নির্মাণ এবং গৃহস্থালি পর্যায়ে বিভিন্ন ধরনের পণ্যের অনেক চাহিদা রয়েছে।
চীনের উদ্যোক্তারা এক্ষেত্রে বিনিয়োগ করছে। এছাড়া জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ খাতেও চীনের বিনিয়োগ বাড়ছে।
জানা গেছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে চীনের সার্বিক বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩ বিলিয়ন ডলার, যা দ্বিতীয় প্রান্তিকের চেয়ে ২ বিলিয়ন ডলার বেশি। এছাড়া ১০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের চুক্তি আলোচনাধীন রয়েছে।
