স্থায়ী বিচারক হিসেবে নিয়োগের রিট খারিজের আদেশের বিরুদ্ধে সাবেক অতিরিক্ত বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের লিভ টু আপিল মঞ্জুর করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এ মামলায় সংবিধান ও আইনগত ব্যাখ্যা দিয়ে আদালতকে সহায়তা করতে শীর্ষ সাত আইনজীবীকে অ্যামিকাসকিউরি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এরা হলেন— ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার রফিক-উল হক, অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ ভূঁইয়া ও অ্যাডভোকেট এ এফ হাসান আরিফ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের আট বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। আদালত আপিলের ওপর শুনানির জন্য আগামী ২৬ নভেম্বর দিন ধার্য করে দিয়েছে।
আলতাফ হোসেনকে হাইকোর্টে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের নির্দেশনা চেয়ে করা পৃথক দুটি রিট আবেদন গত ২৪ সেপ্টেম্বর খারিজ করে দেয় হাইকোর্ট। আলতাফ হোসেন নিজে এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমান এ রিট করেন। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে রিটকারীরা লিভ টু আপিল দায়ের করেন। আদালতে রিট আবেদনের পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও অ্যাডভোকেট এম আই ফারুকী এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। গত ৩ নভেম্বর শুনানি শেষে আদেশের জন্য দিন ধার্য করে দেন। ধার্যকৃত দিনে আপিল বিভাগ গতকাল উপরোক্ত আদেশ দেয়।
২০১২ সালের ১৩ জুন আলতাফ হোসেনসহ ছয় জনকে দুই বছরের জন্য হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের পর গত ৯ জুন তাদের মধ্যে পাঁচজনকে হাইকোর্টে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেয় সরকার। নিয়োগ না পাওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আলতাফ হোসেন ও এক আইনজীবী।
