মেক্সিকোতে ৪৩ ছাত্র গুমের ঘটনায় প্রধান সন্দেহভাজনদের গ্রেফতারের পর বুধবার হাজার হাজার লোক মেক্সিকো নগরীতে নিখোঁজ ছাত্রদের নিরাপদে উদ্ধারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে।
বিক্ষোভকারীরা নিখোঁজ ছাত্রদের জীবিত ফেরত দেয়ার দাবি জানিয়ে স্লোগান দেয়। তারা নিখোঁজ ৪৩ ছাত্রের ছবি সম্বলিত একটি বিশাল ব্যানার বহন করে। এই গুমের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনেও অসন্তোষের সৃষ্টি করে এবং প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়োটোকে এক বড় ধরনের সংকটে ফেলে দিয়েছে।
এ ঘটনার এক মাস পর মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় ইগুয়ালা নগরীর সাবেক মেয়র যোসে লুই আব্রাকা ও তার স্ত্রীকে মেক্সিকো নগরীর এক শহরতলী থেকে গ্রেফতার করা হয়েছে।
এই দুই ব্যক্তির গ্রেফতারের পর গুম হওয়া কলেজ ছাত্রদের ব্যাপারে খোঁজ-খবর পাওয়া যেতে পারে এমন আশার সঞ্চার হয়েছে। ছয় সপ্তাহ আগে ইগুয়ালা পুলিশ এদের ওপর হামলা চালায়। হামলায় ছয় ব্যক্তি নিহত হয় এবং ৪৩ ছাত্র নিখোঁজ হয়ে যায়। প্রসিকিউটররা অভিযোগ করেছেন যে, মেয়র দম্পতি একটি অপরাধী চক্রের সঙ্গে যোগসাজশ করে এসব ছাত্রের ওপর হামলার আদেশ দিয়েছেন।
বিক্ষোভকারী বলেছেন, এদের গ্রেফতারই যথেষ্ট নয়। নিখোঁজ ছাত্রদের জীবিত ফেরত দিতে হবে।
বিক্ষোভকারীরা জানান, সর্বশেষ এক লাখ ২০ হাজার লোক রাজপথে বিক্ষোভে অংশ নিয়েছেন। এদের মধ্যে নিখোঁজ ছাত্রদের মা-বাবারা ছিলেন।এএফপি
