‘একটি নির্দিষ্ট জেলার কিছু পুলিশ চেইন অব কমান্ড বেশি ভাংছে’

আপডেট : ০৬ নভেম্বর ২০১৪, ২১:৪১
 
 
 
 
 
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান ‘পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে’ মন্তব্য করে বলেছেন, ‘একটি নির্দিষ্ট জেলার পুলিশের কতিপয় সদস্য এ ধরনের কর্মকাণ্ড বেশি করছেন।’ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের কাছে তিনি এ সব কথা বলেন।
গত ১৭ অক্টোবর বাদ জুমা মোহাম্মদপুরের ইকবাল রোডে পুলিশের গুলিতে আহত হন নাফিজ সালাম (৩২) নামের একজন সাধারণ মানুষ। তাকে দেখতে বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ঢাকা মেডিক্যালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে যান। সেখানে তিনি প্রায় ২০ মিনিট অবস্থান করে নাফিজের খোঁজখবর নেন। উপস্থিত চিকিত্সকেরা মিজানুর রহমানকে জানান— নাফিজের অবস্থা খুব খারাপ ছিল। তিনি মারাও যেতে পারতেন।
হাসপাতাল থেকে বের হওয়ার সময় মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘একজন নাগরিককে খুব কাছ থেকে এভাবে গুলি করা এক ধরনের বর্বরতা ও অসভ্যতা। এভাবে গুলি করার নির্দেশ পুলিশকে কে দিয়েছে?’
মিজানুর রহমান বলেন, ‘পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। পুলিশের সাম্প্রতিক কার্যক্রম সাংঘাতিক রূপ নিয়েছে। তাদের আচরণ সংযত করতে হবে এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।’ তিনি বলেন, ‘একটি নির্দিষ্ট জেলার পুলিশের কতিপয় সদস্য এ ধরনের কর্মকাণ্ড বেশি করছেন। মানবাধিকার লঙ্ঘনকারী পুলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হবে। পদক্ষেপ না নেয়া হলে মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করা হবে।’

সাংবাদিকরা ‘নির্দিষ্ট’ জেলাটির নাম জানতে চাইলে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আপনারা সবাই তা জানেন বলে আমি বিশ্বাস করি।’