এর নাম হাতে কলমে শেখা!

আপডেট : ০৭ নভেম্বর ২০১৪, ০০:১১

দিনের বেলায় রাজমিস্ত্রির কাজ করেন। রাত হলেই সেই পেশা বদলে হয়ে যায় চুরি।  রাজমিস্ত্রির যন্ত্রপাতিই ব্যবহার করেই চলে এই চুরির কাজ। শুধু নিজেই নয় রাতের বেলার সেই পেশায় ‘সাগরেদ’ হিসেবে নিজের নাবালক পুত্রকে নিয়ে যান হাতে-কলমে তাকে শিক্ষা দিতে। এভাবে একের পর এক চুরির ঘটনা ঘটিয়ে চলেছেন তিনি।

ঘটনাটি পশ্চিমবঙ্গের বালুরঘাটে। শহরের একটি চুরির ঘটনায় তদন্তে নেমে পুলিশ উদ্ধার করে বাপ-বেটার এই কান্ড। তবে তারা গ্রেফতার হয়েছেন। সিঁদ কেটে চুরি করা নগদ কয়েক হাজার রুপি সহ ও বেশ কয়েকটি মোবাইলও উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে বালুরঘাট শহরের স্টেডিয়াম মার্কেটে একটি মোবাইলের দোকানের দেয়াল কেটে চুরি করেন তারা। তদন্ত করতে করতে রাজমিস্ত্রী রতন বর্মন (৩৫) এই ঘটনায় ধরা পড়েন। পুলিশের দু’চার ঘা খেতেই তিনি তার পুত্র রনি বর্মনকেও হাতে-কলমে শিক্ষা দিতে নিয়ে যাবার কথা স্বীকার করেন। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে এর আগে শহরের একাধিক চুরির ঘটনায় তারা জড়িত। -জি নিউজ