কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত করতে সরকারের প্রতি আহ্বান

আপডেট : ০৭ নভেম্বর ২০১৪, ০২:৩৯

জাতিসংঘের দুজন মানবাধিকার বিশেষজ্ঞ জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন । বৃহস্পতিবার জেনেভা থেকে দেওয়া এক বিবৃতিতে তাঁরা এই আহ্বান জানান। ইউএনবি।

বৃহস্পতিবার বার্তা সংস্থা ইউএনবির এক খবরে বলা হয়, কামারুজ্জামানের ফাঁসির দণ্ড পাওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন সামারি এক্সিকিউশন-বিষয়ক জাতিসংঘের স্পেশাল র‌্যাপোটিয়ার ক্রিস্টফ হেইন্স এবং বিচারক ও আইনজীবীদের স্বাধীনতাবিষয়ক স্পেশাল র‌্যাপোটিয়ার গ্যাব্রিয়েলা নাউল।
জাতিসংঘের এই বিশেষজ্ঞরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের স্বচ্ছতা ও যথাযথ প্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিবৃতিতে। তাঁরা বলেন, যেসব দেশে মৃত্যুদণ্ড বাতিল করা হয়নি, সেসব দেশে কাউকে সর্বোচ্চ এই সাজা দিতে হলে তা দিতে হবে স্বচ্ছ ও যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন বিচারের মাধ্যমে।