স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই ঢালাওভাবে প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তারা যে কথা বলে পরবর্তীতে তার কোন প্রমাণ দেখাতে পারে না। স্বাস্থ্যখাতে দুর্নীতি বিষয়ে গতকাল সকালে টিআইবি যে প্রতিবেদন প্রকাশ করে বিকালে তার প্রতিক্রিয়ায় মন্ত্রী আরো বলেন, টিআইবির প্রতিবেদনে ঢালাওভাবে সবার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। তাছাড়া আমিও প্রতিবেদনটি এখনো দেখিনি। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত ব্যাখ্যা ও পর্যালোচনা তুলে ধরা হবে। একই সঙ্গে স্বাস্থ্যখাতে দুর্নীতি বা অনিয়মের সুনির্দিষ্ট কোন অভিযোগ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর’বি) সাসাকাওয়া মিলনায়তনে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতকরণ প্রকল্পের উদ্বোধন এবং পাইলট প্রকল্পের ফলাফল প্রকাশ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। গ্লাক্সোস্মিথক্লিন বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে ক্লিনিক্যাল গভর্ন্যান্স। মাতুয়াইলে মা ও শিশু হাসপাতাল ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাইলট প্রকল্পের কাজ শুরু হয়েছে।
অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম বলেন, নভেম্বরের মধ্যে দেশের ৬ বড় জেলা হাসপাতালে আইসিইউ ও সিসিইউ স্থাপন করা হবে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের জনগণের জন্য আধুনিক চিকিত্সা সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। এজন্য আধুনিক চিকিত্সা সেবাকে শুধু রাজধানীকেন্দ্রিক না করে জেলা পর্যায়ে পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবায় অভূতপূর্ব অগ্রগতি অর্জন সম্ভব হয়েছে। মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু হার হ্রাস পাওয়ায় প্রধানমন্ত্রী জাতিসংঘ পুরস্কার অর্জন করেছেন। প্রধানমন্ত্রীর স্বপ্নের কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা সারাবিশ্বে প্রশংসিত। সরকারি হাসপাতালগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী।
আইসিডিডিআরবি-এর নির্বাহী পরিচালক ড. জন ডি ক্লেমেন্স’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, গ্লাক্সোস্মিথক্লিন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম আজিজুল হক, আইসিডিডিআরবি-এর ক্লিনিক্যাল গভর্ন্যান্স’র প্রধান লুেফ আরা প্রমুখ।
