‘আন্দোলনে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে’

আপডেট : ০৭ নভেম্বর ২০১৪, ১৪:০৪

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনের মাধ্যমে ২০১৯ সালের আগেই নির্বাচন আদায় করা হবে। খালেদা জিয়ার নেতৃত্বে সফল আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে এ সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
শুক্রবার সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে খালেদা জিয়ার পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এই দিনটি তাৎপর্যাপূর্ণ। কারণ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র ধ্বংস করা হয়েছে।
‘জিয়াউর রহমান খুনি’ আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে ফখরুল বলেন, তাদের এই ধরণের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। এর সঙ্গে সত্যের কোনো মিল নেই। তিনি বলেন, ৭৫এর ৩নভেম্বর জিয়াউর রহমান বন্দি ছিলেন।সিপাহী জনতা ৭নভেম্বর তাকে মুক্ত করে আনে।এবং সেদিন তার অকুতভয় নেতৃত্বে বাংলাদেশ বড় ধরনের সংকট থেকে রক্ষা পেয়েছিল।