আমি প্রধানমন্ত্রী নই, ভারতবাসীর সেবক :মোদী

আপডেট : ০৮ নভেম্বর ২০১৪, ০১:২৩

ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথম নিজের নির্বাচনী আসন বেনারস সফরে গেলেন নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের এই বেনারসকে দুর্গ করেই দিল্লি দখলের লড়াইয়ে নেমেছিলেন তিনি। এ দিন নিজের কেন্দ্রে ফিরে এসে উচ্ছ্বসিত মোদী বললেন, ‘আমি আজ আপনজনদের মাঝে এসেছি। আমাকে যদি প্রধানমন্ত্রী না ভেবে আপনাদের সেবক হিসেবে ভাবেন তাহলে আমি খুশি হব।  আমি আপনাদেরই প্রতিনিধি। আমি ভিআইপি হয়ে জন্মগ্রহণ করিনি। আপনারা ভোট দিয়ে ভিআইপি বানিয়েছেন। কিন্তু শেকড়ের কথা ভুলে যেতে চাই না।’

এ ভাবেই শুক্রবার বেনারসের হূদয় জয় করলেন তিনি। মঞ্চে ওঠার মুহুর্ত থেকে ‘মোদী, মোদী’ ধ্বনি বুঝিয়ে দিল মন্দির শহরে এখনও মোদী-জোয়ারে বিন্দুমাত্র ভাটা পড়েনি। একাধিক সরকারি প্রকল্পের ঘোষণার পাশাপাশি বেনারসের বহু চর্চিত তাঁতশিল্প উন্নয়নের প্রসঙ্গও উঠে এল তার বক্তৃতায়। বেনারসের প্রাচীন বস্ত্রশিল্পের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, দেশে এমন কোনও মহিলা নেই যিনি বেনারসী শাড়ির নাম শোনেননি। তাই এই শাড়ির উত্পাদন বাড়ানোর দিকে জোর দিতে তাঁতশিল্পীদের পরামর্শ দিলেন তিনি। তিনি বলেন, আগামী কয়েক বছরের মধ্যে অন্তত ২০ কোটি মেয়ের বিয়ে হবে। তাদের বেনারসি শাড়ি দরকার হবে। তাই পুরোদমে উত্পাদন বাড়াতে হবে। তাদের শিল্পের প্রসারে ই-কমার্সের সাহায্য নেয়ার কথাও বলেন মোদী।