শ্রীবরদীতে সাপের কামড়ে আব্দুস সাত্তার (৪৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বকচর পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আব্দুস সাত্তার ওই গ্রামের মৃত সমশের আলীর ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দুপুরে আব্দুস সাত্তার ধান ক্ষেতে পানি দিতে যান।তিনি ক্ষেতের এক কোণে ইঁদুরের গর্ত দেখতে পান। এ সময় পা দিয়ে ওই গর্ত বন্ধ করতে গেলে ডান পায়ে ছোবল দেয় গোখরা সাপ। পরে স্থানীয় লোকজন গর্ত খুঁড়ে একটি গোখরা সাপ মেরে ফেলে।
আহত অবস্থায় আব্দুস সাত্তারকে প্রথমে শ্রীবরদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে মেলেনি সাপে কামড়ানো রোগীর জন্য ভ্যাক্সিন। পরে হাসপাতালের ডাক্তার তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু সেখানেও সেই একই অবস্থা। জেলা সদর হাসপাতালেও নেই এন্টিভেনম। এবার জেলা সদর হাসপাতাল থেকে সুপারিশ করা হলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য।
এখান থেকে ওখানে আনা নেওয়া আক্রান্তের স্বজনেরা একরকম বাধ্য হয়েই আব্দুস সাত্তারকে নিয়ে গেলেন কালিবাড়ি ও ঝগড়ারচর এলাকায় কবিরাজের কাছে। এতে তার অবস্থার আরো অবনতি হয়। এক পর্যায়ে সন্ধ্যায় তিনি মারা যান।
আরো পড়ুন: সিমলার সঙ্গে বিয়ে হয় বিমান ছিনতাইকারী পলাশের
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, দুইটি হাসপাতালে সাপে কামড়ানোর ভ্যাক্সিন না পেয়ে কবিরাজের কাছে নিয়ে যাবার পর আব্দুস সাত্তার মারা যান। সোমবার দুপুরে তাকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়েছে। স্থানীয় জনতা ছোবল দেওয়া বিষধর সাপটিকে ধরে খাচায় বন্ধ করে রেখেছে।
ইত্তেফাক/অনি
