ইরানের কুকুর প্রেমীদের জন্য হতাশাজনক খবর দিয়েছে দেশটির কট্টরপন্থী আইনপ্রণেতারা। কুকুর পুষলে অথবা রাস্তায় নিয়ে কেউ রাস্তায় বের হলে তাদেরকে ৭৪টি দোররা মারার বিধান করার উদ্যোগ নিতে যাচ্ছে দেশটির পার্লামেন্ট। শুক্রবার এএফপির খবরে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের শার্গ সংবাদমাধ্যম জানিয়েছে, এরই মধ্যে দেশটির ৩২জন সংসদ সদস্য এই সংক্রান্ত একটি খসড়া বিলে স্বাক্ষর করেছেন। সেই সঙ্গে এই আইনভঙ্গকারীদের শুধু দোররাই নয় মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। জরিমানার পরিমাণ ১০ মিলিয়ন রিয়াল থেকে শুরু করে ১০০ মিলিয়ন রিয়াল (৩৭০ ডলার থেকে ৩৭০০ ডলার) পর্যন্ত।
ইসলামী প্রথায় মুসলমানদের কাছে কুকুর পোষা অপরিচ্ছন্নতার লক্ষণ বলে বিবেচিত হয়। সেজন্য ইরানে দেশটিতে তেমন একটা কুকুর পুষতে দেখা যায় না। যদিও কেউ কেউ কুকুর গোপনে কুকুর পোষেন। তবে খুব ধনী কোন এলাকা ছাড়া কুকুর পোষা দেখা যায় না। এদের নিয়ে সাধারণত কেউ বাইরেও বের হন না।
ঐ আইনের খসড়া বিলে উল্লেখ করা হয়েছে, প্রকাশ্যে কোনো স্থানে কুকুর বা বানরের মতো প্রাণী নিয়ে হাঁটা বা সেগুলোর সঙ্গে খেলা করা ইসলামি সংস্কৃতির বিরোধী। তা যেমন অস্বাস্থ্যকর তেমনি অন্যদের বিশেষ করে নারী ও শিশুদের শান্তি বিনষ্টের কারণ। এ ধরনের কোনও প্রাণী কারো কাছে ধরা পড়লে সেগুলোকে চিড়িয়াখানা বা বনে ছেড়ে দেয়া হবে।
