চলতি মাসের শেষের দিকে জার্মানির নুরেমবার্গ শহরে চিত্রকর্ম নিলামের আয়োজন করা হয়েছে। অন্যান্য চিত্রকর্মের সঙ্গে সেখানে থাকছে এডলফ হিটলারের চিত্রকর্মও।
জলরঙে আঁকা মিউনিখের ‘ওল্ড টাউন হল’ চিত্রকর্মটি দেখলে প্রথমে মনে হবে অন্যান্য সাধারণ পেইন্টিংয়ের বিপরীতে এর তেমন কোনো বিশেষত্ব নেই। কিন্তু ভালো করে দেখলে বোঝা যাবে এর পার্থক্যটা কোথায়।
অনেকেই হয়তো তার দেয়ালে হিটলারকে রাখতে নাও চাইতে পারেন। তবে নুরেমবার্গের ওয়েইডলার নিলাম হাউজ বলছে ২২ তারিখের নিলামে চিত্রকর্মটি ওঠালে এর দাম চার থেকে পাঁচ অঙ্ক পর্যন্ত ছুঁয়ে যাবে। চিত্রকর্মটির সঙ্গে হিটলারের ব্যক্তিগত অফিসের প্রধান কর্মকর্তা আলবার্ট বরমানের দেওয়া একটি প্রামাণিক দলিল রয়েছে।
চিত্রকর্মটি বিক্রির জন্য নিলামে তুলেছেন জার্মানির হেস প্রদেশের দুই বোন। তবে এখনও তারা তাদের পরিচয় প্রকাশ করেননি।
হিটলার তার এ চিত্রকর্মটি যখন বিক্রি করেছিলেন তখন তিনি উঠতি শিল্পী ছিলেন। ‘ওল্ড টাউন হল’ চিত্রকর্মটির সঙ্গে থাকা আসল মূল্য রশিদ থেকে জানা যায় ১৯১৬ সালের আগস্টে এটি বিক্রি হয়েছিলো। সূত্র: দ্য টেলিগ্রাফ।
