আওয়ামী লীগের প্রবীণ নেতা ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আন্দোলন-সংগ্রাম ও হরতালকে ভীতি ও আতঙ্কের পর্যায়ে নিয়ে গেছে বিএনপির নেতৃত্বাধীন জোট। এ কারণে বিএনপি আজ জনবিচ্ছিন্ন, আন্দোলনে তারা আর জনগণকে সম্পৃক্ত করতে পারছে না। জনগণের আস্থা তারা হারিয়ে ফেলেছে। তিনি বলেন, রাজনৈতিক ভীতি সৃষ্টিকারীরা মূলত রাজনীতির ক্ষতি করেছেন, রাজনীতির প্রতি বিদ্বেষ সৃষ্টি করছেন।
শনিবার ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণ প্রকৌশল দিবস-২০১৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর আইডিইবি ভবন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমির হোসেন আমু বলেন, গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার সবার আছে। আন্দোলন গণতান্ত্রিকভাবেই হওয়া উচিত। কিন্তু বিগত দিনে বিএনপি জোট আন্দোলনের নামে অসংখ্য মানুষ হত্যা করেছে। হরতাল দিয়েই কমপক্ষে ২০ জন মানুষ হত্যা করা হয়েছে। তিনি বলেন, এ দেশের মানুষ ধর্মপরায়ণ, কিন্তু ধর্মান্ধ নয়। রাষ্ট্র সবার, ধর্ম যার যার। তিনি বলেন, জঙ্গিবাদ ইসলাম ধর্মবিরোধী সংগঠন। ইসলামে জঙ্গির কোনো স্থান নেই। কিন্তু ইসলামের নামে দেশে জঙ্গি তত্পরতা চলছে। জঙ্গিবাদের মাধ্যমে ইসলাম সম্পর্কে সারা বিশ্বের মানুষের মধ্যে বিরূপ ধারণা সৃষ্টি করা হচ্ছে। ফলে মুসলমানদের ব্যাপারে বিশ্বব্যাপী নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। এ ব্যাপারে সবার সচেতন হতে হবে।
শিল্পমন্ত্রী বলেন, দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায়সঙ্গত দাবি পূরণে বর্তমান সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে ডিপ্লোমা প্রকৌশলীদের বিভিন্ন সমস্যার সম্মানজনক সমাধানের লক্ষ্যে দ্রুত উদ্যোগ নেয়া হবে। তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিদেশে কর্মরত জনবলের রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
অনুষ্ঠানে বক্তারা দেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে বলেন, তৃণমূল পর্যায়ে সরকারের প্রকৌশল কর্মকাণ্ডের শতকরা প্রায় ৮৫ ভাগ কাজ ডিপ্লোমা প্রকৌশলীরা করে থাকে। তারা অবিলম্বে শূন্য পদে নিয়োগদান, বেতন বৈষম্য নিরসন, পদোন্নতির কোটা শতকরা ৫০ ভাগে উন্নীতকরণ, ২০০৮ সালের বিতর্কিত ঢাকা মহানগর নির্মাণ আইন সংশোধন এবং পলিটেকনিক ছাত্র-শিকদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান।
আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডেন্ট এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমানসহ বিভিন্ন জেলা ও সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। পরে মন্ত্রী গণপ্রকৌশল দিবস উপলক্ষে আইডিইবি আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি আইডিইবি ভবন থেকে শুরু হয়ে মত্স্য ভবন, হাইকোর্ট, জাতীয় প্রেসকাব ও পল্টন মোড় ঘুরে কাকরাইলে আইডিইবি ভবনে এসে শেষ হয়। এতে কয়েক হাজার ডিপ্লোমা প্রকৌশলী অংশ নেন।
