একসময়ের জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড নোকিয়া আর কয়েক দিনের মধ্যেই বিদায় নিতে যাচ্ছে। মাইক্রোসফটের ওয়েবসাইটে প্রকাশিত একটি ছবিতে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ওয়েব পোস্টের মাধ্যমে জানানো হয়েছে ১১ নভেম্বর বাজারে নতুন একটি স্মার্টফোন আনছে মাইক্রোসফট। ছবিতে নোকিয়া নামটির পরিবর্তে মাইক্রোসফট লুমিয়া ও উইন্ডোজ লোগো ব্যবহার করার ইঙ্গিত দিয়েছে এই টেক জায়ান্ট।
প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন, মধ্যম আয়ের ক্রেতাদের লক্ষ্য করে এই ফোনটি বাজারে ছাড়তে যাচ্ছে মাইক্রোসফট। ফোনটিতে ১.২ গিগাহার্টজ প্রসেসর, ১ জিবি র্যাম ও ৫ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে।
গত এপ্রিলে মাইক্রোসফট নোকিয়ার মোবাইল ফোন ইউনিট ৭.২ বিলিয়ন ডলারে কিনে নেয়ার পর থেকে নোকিয়া ব্র্যান্ড ব্যবহার করে মোবাইল ফোন বাজারজাত করে আসছিল। কিন্তু গুগলের অ্যান্ড্রয়েড ও আইফোনের সাথে পাল্লা দিয়ে বিশেষ সুবিধা করে উঠতে পারছিল না মাইক্রোসফট। মার্কেটে নিজেদের অবস্থান শক্তিশালী করার জন্য নতুন পরিকল্পনার অংশ হিসেবে এই পরিবর্তন আনছে তারা।
