পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের মূল অভিযুক্ত এবং ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর হামলা চালানোর পরিকল্পনাকারী’ রহমতুল্লা ওরফে সাজিদ গ্রেফতার হয়েছেন।
পশ্চিমবঙ্গের বিধাননগর কমিশনারেটের পুলিশ জানিয়েছে, জামাতুল মুজাহিদিনের এই নেতাকে শনিবার বাংলাদেশ সীমান্তের কাছাকাছি যশোর রোড থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১ লাখ রুপি উদ্ধার করা হয়।
বিধাননগরের পুলিশ কমিশনার রাজীব কুমার ইত্তেফাককে জানান, সাজিদ নারায়ণগঞ্জের বাসিন্দা। তার সঙ্গে জামায়াতে ইসলামীর যোগ রয়েছে। শনিবারই সাজিদকে ভারতের গোয়েন্দা সংস্থা এনআইএর হাতে তুলে দেয়া হবে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর বর্ধমানে বিস্ফোরণের পর থেকেই পলাতক ছিলেন সাজিদ। পরে তার খোঁজ পেতে ১০ লাখ রুপির পুরস্কার ঘোষণা করা হয়েছিল। গোয়েন্দা সূত্রের খবরে জানা গেছে, শেখ হাসিনা ও খালেদা জিয়ার ওপর হামলা চালানোর পরিকল্পনা ছিল তার। বোমা বানানোয় সিদ্ধহস্ত সাজিদ বেশ কয়েকটি পথে বাংলাদেশে হামলার ছক কষে ছিলেন সাজিদ বলে অভিযোগ রয়েছে।
