আমেরিকান জনপ্রিয় টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’ এর দুষ্ট চরিত্র ওয়াল্টার হোয়াইট তার পথের কাটা সরিয়ে দিতে চায়ের সঙ্গে বিষ মেশান। শত্রুকে এভাবে বিষ খাওয়ানোর এই পর্বটি দেখে ‘ব্যাড গার্ল’ হবার শখ জাগে লন্ডনের স্ট্র্যাটফোর্ডের ব্যাংক কর্মী কুন্তল প্যাটেলের। তিনি ভাবেন, ভালোবাসার মানুষকে বিয়ে করতে বাধা দিচ্ছেন তার মা। তাই তাকে মেরে ‘ব্যাড গার্ল’ হলে মন্দ হয় না! যেমন ভাবা তেমনি কাজ। একটি অনলাইন প্রতিষ্ঠান থেকে বিষ কেনেন তিনি। এরপর মায়ের কোকের সঙ্গে মিশিয়ে দেন। কিন্তু মায়ের ভাগ্য ভালো ছিল কিভাবে যেন তিনি মেয়ের ষড়যন্ত্র টের পেয়ে যান। বিষয়টি গড়ায় আদালতে। আদালতে কুন্তল স্বীকার করেন, টিভি সিরিজটি দেখার পর তার ব্যাড গার্ল বা দুষ্টু মেয়ে হবার সাধ জেগেছিল। কিন্তু কার উপর প্রয়োগ করবেন ভেবে না পেয়ে মাকে টার্গেট করার চিন্তা করেছিলেন! শুনানি শেষে শুক্রবার রায় দিয়েছে ব্রিটিশ আদালত। মাকে হত্যার ষড়যন্ত্র করায় ‘ব্যাড গার্ল’ কুন্তলকে তিন বছরের জন্য শ্রীঘরে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। -টেলিগ্রাফ
