এবার হাতে কোদাল তুলে নিলেন মোদী

আপডেট : ০৯ নভেম্বর ২০১৪, ০১:১৫

স্বচ্ছ ভারত অভিযানে নেমে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই হাতে তুলে নিয়েছিলেন ঝাড়ু। এবার গঙ্গার ঘাট পরিষ্কারে তুলে নিলেন কোদাল। শনিবার সকালে বেনারসের অসি ঘাট এমনই দৃশ্যের সাক্ষী হয়ে থাকল। নিজের লোকসভা কেন্দ্রে স্বচ্ছ ভারত অভিযানের সূচনা করে প্রকল্পের ‘নিয়ম’ অনুযায়ী নয় জনকে নিয়োগ করেছেন মোদী। এদের মধ্যে রয়েছেন ক্রিকেটার মোহম্মদ কাইফ, সুরেশ রায়না, গায়ক কৈলাশ খের, মনোজ তিওয়ারি, লেখক মনু শর্মা প্রমুখ। কিন্তু এই তালিকায় সবচেয়ে বড় চমক রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তবে এ নিয়ে কোনও  মন্তব্য করেননি অখিলেশ।মোদি আশা প্রকাশ করেন যে, এই ব্যক্তিগণ কেবল স্বচ্ছ ভারত অভিযানের জন্য সময়ই দেবেন না বরং দু’মাসের মধ্যে এই মিশনে আরো বেশিসংখ্যক লোককে আকৃষ্ট করবেন।

বেনারস সফরের দ্বিতীয় দিনে এ দিন বিশেষ পুজো দিতে অসি ঘাটে পৌঁছান মোদী। প্রায় ১৫ মিনিট শহরের প্রাচীনতম ঘাট পরিষ্কার করে তিনি বলেন, ‘কাশীর বিভিন্ন ঘাট পরিষ্কার করার জন্য এখানকার বিভিন্ন সংগঠন আমার কাছে এক মাস সময় চেয়েছে। আশা করি তারা কথা রাখবে।’ এর আগে শুক্রবার সন্ধ্যায় নিজের লোকসভা কেন্দ্রে এক প্রশাসনিক বৈঠকে কাশী শহরকে উন্নত করা হবে বলে ঘোষণা করেন তিনি।