কক্সবাজারের চকরিয়ায় অগ্নিকাণ্ডে ১০টি দোকান আগুনে পুড়ে গেছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের চৌয়ারফাঁড়ি বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে চৌয়ারফাঁড়ি বাজার স্টেশনে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে মুদির দোকান, টেইলার্স, লন্ড্রি, চায়ের দোকান, লাইব্রেরী,ফার্নিচারের দোকান, ওষুধের ফার্মেসী, কম্পিউটারের দোকান ও বন্ধ একটি খালি দোকানসহ দশটি দোকান পুড়ে যায়।
আগুনের তীব্রতার কারণে দোকান থেকে কোনো মালামাল বের করতে পারেনি দোকানীরা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী ও পুলিশের একটি টিম পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবী করেন, এ অগ্নিকাণ্ডে দোকান মালিকদের প্রায় বিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আরো পড়ুন: কমান্ডো অভিযানে নিহত পলাশের সঙ্গে নায়িকা সিমলার ছবি ভাইরাল
চকরিয়া সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জিএম মহিউদ্দিন জানান, সঠিক সময়ে পৌঁছতে পেরে অন্তত আরো বেশ কয়েকটি দোকান আগুনের হাত থেকে রক্ষা করা গেছে।তবে কি কারণে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফার্নিচার বা চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত।
ইত্তেফাক/অনি
