ভারতের জঙ্গি তত্পরতা চালানোর জন্য উত্তরপ্রদেশে সেল খুলেছে আল কায়েদা! ইন্ডিয়ান মুজাহিদিনের অন্যতম প্রতিষ্ঠাতা রিয়াজ ভাটকলের ইন্টারনেট চ্যাট খতিয়ে দেখে এমন তথ্যই জানতে পেরেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ’র গোয়েন্দারা। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর ইন্ডিয়ান মুজাহিদিন যে আল কায়দার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে সে খবর আগেই পেয়েছেন গোয়েন্দারা। গত বছর বিহার লাগোয়া নেপাল সীমান্তে গ্রেপ্তার হওয়া আইএম প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকলকে জেরা করেই এ সম্পর্কে আরও চাঞ্চল্যকর তথ্য হাতে উঠে এসেছে গোয়েন্দাদের।
চলতি বছরের আগস্ট মাসে আল কায়দার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি এক ভিডিও বার্তায় ভারতে আল কায়দার শাখা সংগঠন খোলার কথা ঘোষণা করেছিলেন। উত্তর প্রদেশে আল কায়দার সেল খোলা তারই ফলশ্রুতি বলে মনে করছেন গোয়েন্দারা। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিন্তা বাড়িয়েছে আল কায়দার সঙ্গে ইন্ডিয়ান মুজাহিদিনের গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত।
কিন্তু জঙ্গিদের ঘাঁটির সেই তালিকায় উত্তর প্রদেশের নাম উঠে আসা আরও বিপদের ইঙ্গিত দিতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। উত্তর প্রদেশের আজমগড়ের নাম এর আগে সন্ত্রাসবাদীদের ঘাঁটি হিসেবে উঠে এসেছিল। কয়েক বছর আগে আজমগড়কে ঘাঁটি করে সারা দেশে সন্ত্রাসের জাল ছড়িয়ে দিতে পেরেছিল আইএম জঙ্গিরা। সমপ্রতি বর্ধমান বিস্ফোরণের অন্যতম চক্রান্তকারী, নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার হওয়া ইউসুফকে পশ্চিমবঙ্গে আইএম এর শীর্ষস্থানীয় নেতা বলে চিহ্নিত করতে পেরেছেন এনআইএ গোয়েন্দারা। এই ইউসুফের সঙ্গেও উত্তর প্রদেশের যোগাযোগ খুঁজে পেয়েছেন তারা।
