খবরটি চোখে লাগার মতোই। কারণ দেশের শীর্ষ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী চরিত্র ‘হিমু’ নিয়ে লেখক নিজেই কখনও কাজ করতে চাননি। এদিকে কলকাতা থেকে প্রকাশিত চলতি সংখ্যার ‘আনন্দলোক’ এ সেখানকার প্রখ্যাত নির্মাতা রাজা চন্দ তার ভবিষ্যত কাজের তালিকায় বলেছেন, হুমায়ূন আহমেদের হিমুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চান। এবং সেই চরিত্রে ইরফান খানকে ভাবছেন। এ প্রসঙ্গে রাজা চন্দের সাথে প্রতিবেদক সেল ফোনে জানতে চাইলে রাজা বলেন, এটা আমার নেক্সট প্ল্যান। তবে এখনই কিছু চুড়ান্ত ঘোষণা দিচ্ছি না। আমি বাংলাদেশে এসে মেহের আফরোজ শাওনের সাথে ডিটেইল আলাপ করব। এবং কপিরাইট নিয়ে কথা বলব। আশা করছি আমার যে পরিকল্পনা তাতে তিনি সম্মতি দেবেন। এর ভেতরে ইমেইলে তার সাথে একটি প্রাথমিক যোগাযোগও হয়েছে আমার প্রডাকশন থেকে। আর সেই পরিকল্পনা থেকেই আমি আনন্দলোকের ইন্টারভিউতে কথাটি বলেছি। আর ইরফানের সাথেও আমার মৌখিক কথা হয়েছে। এই চরিত্রটি আমার অনেক প্রিয়। এ কারণে যে করেই হোক আমি কপিরাইট নিয়েই কাজটি করতে চাই। এছাড়া রাজা আরো বলেন, আমার চলতি ছবি ফোর্স রিলিজ হল। এখনই আমি এই ছবিটি নিয়েই ভাবছি। খুব শিগগিরই এ ব্যাপারে সব ঠিকঠাক করতে আমি বাংলাদেশে আসব। এদিকে এ প্রসঙ্গে দেশের গুণী অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওনের সাথে আলাপ করলে তিনি বলেন, বিষয়টি আমি এই মাত্র জানলাম। আর সেটিও বড় কথা নয়। মূল কথা হল হুমায়ূন আহমেদ বেঁচে থাকতেই হিমুকে নিয়ে কোনো কাজ করতে চাননি। কারণ এটি কোটি কোটি তরুণের এক আদর্শ চরিত্র। সেই মোহ ভঙ্গের কোনো উদ্যোগ তিনি নিতে চাননি।
‘যে করেই হোক মেহের আফরোজ শাওনকে রাজি করেই স্বপ্নের কাজটি করব।’
রাজা চন্দ, নির্মাতা, পশ্চিমবঙ্গ, ভারত
‘তিনি বেঁচে থাকতেও এই কাজটি করার অনুমতি কাউকেই দেননি।’
মেহের আফরোজ শাওন,
অভিনেত্রী-নির্মাতা
ঢাকা, বাংলাদেশ
