ট্রাক চাপায় মিরসরাই থানার এসআই নিহত

আপডেট : ০৯ নভেম্বর ২০১৪, ১১:১৩

চট্টগ্রাম রেঞ্জের উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি মিরসরাই থানায় কর্মরত ছিলেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, শনিবার রাতে এসআই মাসুদ মোবাইল ডিউটিতে ছিল। ভোর রাত চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছোট কমলদহ এলাকায় মাসুদ পার্ক করা একটি ট্রাকের কাছে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক পার্ক করা ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে মাসুদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, মাসুদ কুমিল্লা জেলার মুরাদনগর থানার পাকদেওরা গ্রামের মান্না মাষ্টারের পুত্র। ১০ মাস আগে তিনি মিরসরাই থানায় যোগদান করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক। ঘাতক ট্রাক দুটিকে আটক করা হয়েছে।