বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেয়ায় যশোরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা হয়েছে।
রবিবার সকালে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. এসএম আফজাল হোসেন। আদালত মামলাটি গ্রহণ করে আগামী ১৩ নভেম্বর শুনানি ও পরবর্তী সিদ্ধান্ত প্রদানের দিন ধার্য করেছে।
বাদী তার আবেদনে বলেছেন, গত ৫ নভেম্বর যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সভায় তারেক রহমান বলেন, মুজিবুর রহমান স্বাধীনতাকামী মানুষের হত্যাকারী। তিনি পাকিস্তানি নাগরিক হিসাবে বাংলাদেশে এসে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন। এজন্য শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে দেশদ্রোহীর মামলা হওয়া উচিৎ। অন্যদিকে তার বাবা জিয়াউর রহমান শুধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কিংবা প্রথম রাষ্ট্রপতি ছিলেন না, স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন।
বাদী উল্লেখ করেছেন, তারেক রহমান এ ধরনের বক্তব্য দিয়ে দ-বিধির ১২৪(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১৩ নভেম্বর এ ব্যাপারে সিদ্ধান্ত প্রদান করবে বলে জানান বাদী অ্যাড. আফজাল হোসেন।
