অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় থেকে তার কর্মচারীদের শতভাগ বেতন দেয়া উচিত। সেখানে তাদের অবদান মাত্র ২৫ শতাংশ। এটা একটা ‘টোকেন কনট্রিবিউশন’। এটা আমার সমর্থন পায় না।
সরকারি কোষাগার থেকে ইউনিয়ন পরিষদ সচিবদের শতভাগ বেতন প্রদানের দাবির প্রেক্ষিতে তিনি এ মত দেন। তিনি বলেন, এ দাবি গ্রহণযোগ্য নয়। কারণ যে প্রতিষ্ঠান তার কর্মচারীদের বেতন-ভাতা দিতে পারে না, সেই প্রতিষ্ঠান থাকা উচিত নয়। ‘দ্যাট প্রতিষ্ঠান শুড ডাই’। এটা আমার অভিমত। তবে বিষয়টি বিবেচনার আশ্বাস দেন অর্থমন্ত্রী।
রিবিবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ‘বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতির (বাপসা) নেতারা স্বাক্ষাত করেন। বাপসা সভাপতি সোহেলুর রহমান ও মহাসচিব আসাদুজ্জামানসহ সংগঠনের প্রায় ১৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বাপসা সভাপতি মো. সোহেলুর রহমান বলেন, অন্য সরকারি কর্মচারীরা নির্দিষ্ট সময় অফিস করলেও আমাদের কোনো শিডিউল নেই। সরকারি ছুটির দিনেও কাজ করতে হয়। কিন্তু আমরা মানবেতর জীবনযাপন করছি।
প্রসঙ্গক্রমে তিনি বলেন, আমাদের বেতন শতভাগ দেয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুপারিশ দেয়া হয়েছে। ফাইলটি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এর জবাবে অর্থমন্ত্রী বলেন, হ্যাঁ, স্থানীয় সরকার এ বিষয়ে সুপারিশ করেছে। আপনাদের বক্তব্যও শুনলাম। এটি বিবেচনা করে দেখা হবে।
