আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আগামী নির্বাচন পর্যন্ত বিএনপিকে অপেক্ষা করার আহবান জানিয়ে বলেছেন, কোন ধরনের অরাজকতা সৃষ্টি করা হলে এদেশের জনগণ তার জবাব দেবে । বিএনপি নির্বাচনী ট্রেন মিস করে আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টির যে অপচেষ্টা চালাচ্ছে তা দেশবাসী কিছুতেই মেনে নিবে না।
সৈয়দ আশরাফুল ইসলাম রবিবার জেলার জয়পুরহাট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সম্মেলনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম ।
জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ , ডা. দীপু মণি , এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব:) মুহাম্মদ ফারুক খান এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রমুখ।
সৈয়দ আশরাফ বলেন, ৫ জানুয়ারির নির্বাচন ছিল সাংবিধানিক বাধ্যবাধকতা। এ নির্বাচন না হলে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হতো। সেই নির্বাচনে না গিয়ে এখন তারা আন্দোলনের হুমকি দিচ্ছেন।
তিনি বলেন, কোন হুমকিতে আওয়ামীলীগ ভয় পায় না। আগামী নির্বাচন পর্যন্ত বিএনপিকে অপেক্ষা করতে হবে। তা না হলে যে কোন ধরনের অরাজকতা সৃষ্টির জবাব দেবে এদেশের জনগণ।
